৭৩ বছর পর আইএমএফ-বিশ্বব্যাংকের বোর্ড চেয়ারম্যান পাকিস্তান
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছে পাকিস্তান। ২০২৭ সালের জন্য এ পদে দেশটির নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো এই দায়িত্বে ফিরছে দেশটি।
শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে পাকিস্তানের অর্থনৈতিকবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমাকে আগামী বছরের জন্য দুই প্রতিষ্ঠানের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পাকিস্তানের অর্থনৈতিকবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে এই ঘটনাকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়নবিষয়ক আলোচনায় অবদান রাখার পাশাপাশি সদস্যদেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে পাকিস্তানের জন্য।
চেয়ারম্যানের দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে জানতে অধিবেশন শেষে বিশ্বব্যাংক গ্রুপের করপোরেট সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন চিমা। এ ছাড়া বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারি অরাধনা কুমার-কাপুরের সঙ্গে দায়িত্ব পালনের সময় প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সমন্বয় নিয়ে আলোচনা করেন তিনি।
বিদায়ী চেয়ারম্যান ও প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্লোস কারভালো স্পালডিংয়ের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের এই মন্ত্রী। দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বের প্রশংসা করে নতুন মেয়াদের কার্যক্রম ও অগ্রাধিকার নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
বৈঠকগুলোতে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর জোরালো করা, কার্যকর ও পূর্বানুমানযোগ্য উন্নয়ন অর্থায়ন নিশ্চিত করা এবং বহুপক্ষীয় উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন চিমা। একই সঙ্গে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
বিশ্বব্যাংক ও আইএমএফের ২০২৬ সালের বার্ষিক সভা ১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। এতে ১৯১টি দেশ থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ ১৫ হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। বৈশ্বিক অর্থনীতি, উন্নয়ন অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হচ্ছে।
এদিকে, বার্ষিক সভার ফাঁকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আয়োজিত এক নৈশভোজে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে আইএমএফের ৭০০ কোটি ডলারের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং ১৪০ কোটি ডলারের রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ঋণ সহায়তা পাচ্ছে। চলতি মাসে কর্মী-পর্যায়ের সমঝোতা হওয়ার পর কর্মসূচি দুটির পর্যালোচনা সম্পন্ন হলে দেশটির প্রায় ১২০ কোটি ডলার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে অর্থ ছাড়ের জন্য আইএমএফের নির্বাহী পর্ষদের অনুমোদন প্রয়োজন। তথ্যসূত্র: ডন
বিভি/এজেড













মন্তব্য করুন: