• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

এনআইডিতে নাম-বয়স-ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

প্রকাশিত: ১৪:১৮, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এনআইডিতে নাম-বয়স-ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে সংশোধনের ধরন ও ভুলের মাত্রা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রে ভিন্নতা থাকতে পারে। তাই আবেদন করার আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা জরুরি।

নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র
এনআইডিতে নিজের নামের বানান বা আংশিক সংশোধনের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ, অনলাইন জন্মনিবন্ধন সনদসহ নামের সঠিকতা প্রমাণ করে এমন নথি প্রয়োজন হতে পারে। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কাবিননামা কিংবা স্বামী বা স্ত্রীর এনআইডির অনুলিপিও জমা দেওয়া যেতে পারে।

সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত অনুলিপি, ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি চাওয়া হতে পারে। এ ধরনের আবেদনে মূল কাগজপত্রসহ ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়ার প্রয়োজনও হতে পারে।

বাবা-মায়ের নাম সংশোধনে যা লাগবে
এনআইডিতে বাবা বা মায়ের নামের বানান, পদবি কিংবা সম্পূর্ণ নাম সংশোধনের জন্য শিক্ষাগত সনদ, জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের এনআইডির অনুলিপি এবং অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণপত্র জমা দিতে হতে পারে।

নামে বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্রে এসএসসি, এইচএসসি বা সমমানের সনদ কিংবা রেজিস্ট্রেশন কার্ড, বাবা-মায়ের এনআইডির সত্যায়িত অনুলিপি এবং অতিরিক্ত প্রমাণপত্র প্রয়োজন হতে পারে। বাবা-মা মারা গেলে ক্ষেত্রবিশেষে ভাই-বোনদের এনআইডির অনুলিপিও চাওয়া হতে পারে।

জন্মতারিখ সংশোধনে প্রয়োজনীয় নথি
জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও প্রমাণপত্রের ওপর প্রয়োজনীয় কাগজপত্র নির্ভর করে।
এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের সাধারণত সংশ্লিষ্ট পরীক্ষার সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হয়। জন্মতারিখে বড় ধরনের পার্থক্য থাকলে মূল সনদ প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়ার প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, এসএসসি বা সমমানের নিচে শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, নিকাহনামা, চাকরির প্রমাণপত্র বা সার্ভিস বুকের মতো নথি চাওয়া হতে পারে। প্রয়োজনে বয়স নির্ধারণে সিভিল সার্জনের প্রতিবেদনসহ অতিরিক্ত কাগজপত্রও জমা দিতে হতে পারে।

ঠিকানা সংশোধনে যেসব কাগজ লাগবে
এনআইডিতে বর্তমান বা স্থায়ী ঠিকানা সংশোধনের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদ, বিদ্যুৎ, গ্যাস বা টেলিফোন বিল, পৌরকর বা চৌকিদারি করের রসিদ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র জমা দেওয়া যেতে পারে।

ভোটার এলাকা পরিবর্তন করে ঠিকানা সংশোধনের ক্ষেত্রে নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হয়। তবে ভোটার এলাকা অপরিবর্তিত রেখে ঠিকানার বানান বা বাড়ি-হোল্ডিং নম্বর সংশোধনের প্রক্রিয়া আলাদা হতে পারে। এ ক্ষেত্রে পরিবারের সদস্যের এনআইডির অনুলিপি ও ঠিকানার সমর্থনে প্রয়োজনীয় নথি চাওয়া হতে পারে।

আবেদনের আগে যা মনে রাখবেন
জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের ধরন ও প্রমাণের গ্রহণযোগ্যতা অনুযায়ী নির্ধারিত হয়। জটিল বা বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচন কমিশন অতিরিক্ত নথি চাইতে পারে। প্রয়োজনে ব্যক্তিগত শুনানি কিংবা সরেজমিন তদন্তও করা হতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন: