জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে। রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। ব্যবহৃত আলোর পরিমাণ কমিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখতে হবে।
এ ছাড়া অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এবং অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং গাড়ির ব্যবহার সীমিত রেখে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: