মাধ্যমিকে লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি
২০২৭ সাল থেকে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে নতুন প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
উপ-সচিব মুন্না রাণী বিশ্বাসের সই করা ওই পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আগামী ২০২৭ সাল থেকে এ পদ্ধতি বাতিল করা হবে। এর পরিবর্তে অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে।
এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ১৩ নভেম্বরের এবং ১৯ নভেম্বরের জারিকরা সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দুইটি বাতিল করা হয়েছে।
এর আগে, সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একই কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি ধাপে ধাপে বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয়েছে। লটারি পদ্ধতি মেধা যাচাইয়ের কার্যকর উপায় নয়। অংশীজনদের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি।
তবে এই পরীক্ষা অত্যন্ত সহজ ও শিশুবান্ধব হবে বলে জানান মন্ত্রী।
বিভি/এসজি



মন্তব্য করুন: