নজরুল বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হলেন ৮০ শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রথম চার শিক্ষাবর্ষের মোট ৮০ জন সাবেক শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
জানা গেছে, বিভাগটির ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এই সফলতা অর্জন করেছেন। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে এবছর সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীনে যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার জন্য আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আইন পেশা শুরু করার জন্য তাদের ছয় মাসের মধ্যে নির্বাচিত বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।
তালিকাভুক্ত হওয়া আইনজীবী তরিকুল কবির তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আলহামদুলিল্লাহ! বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি পরিবার ও শিক্ষকদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আইন পেশাকে ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার পবিত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করছি।”
আনন্দ প্রকাশ করে বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান (নিউটন) বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। যারা এতো অল্প সময়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তাদের সার্বিক সফলতা কামনা করছি। আশা করছি, এই সংখ্যাটা আরও বাড়বে। ইতোমধ্যে আমাদের বিভাগের তিনজন সাবেক শিক্ষার্থী সহকারী জজ হিসেবে কর্মরত আছেন। এছাড়াও আরও অনেকে বিভিন্ন প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সকলের সাফল্য কামনা করছি।”
বিভি/পিএইচ



মন্তব্য করুন: