• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর!

প্রকাশিত: ১৮:২৬, ৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর!

ছবি: ফাইল ফটো

দেশের ইবতেদায়ি মাদ্রাসাসহ সব মাদ্রাসায় ২০৩১ সালের মধ্যে মিড-ডে মিল চালুর পরিকল্পনা করছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হলেও মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে অবহেলিত এতিমখানার শিক্ষার্থীরা কেন এ সুবিধার বাইরে রয়েছে।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের ‘স্বাস্থ্য ও খাদ্য’কে অগ্রাধিকার দিয়ে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালু করা হবে। এতে ইবতেদায়ি মাদ্রাসাগুলোও অন্তর্ভুক্ত থাকবে। ফলে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের মাদ্রাসা শিক্ষার্থীরাও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো নিয়মিত মিড-ডে মিলের সুবিধা পাবেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত