• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালুর উদ্যোগ

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালুর উদ্যোগ

পরীক্ষার খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষার্থীর রোল নম্বরের পরিবর্তে ‘কোডিং সিস্টেম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

জানা গেছে, রোল নম্বর দেখে খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের ক্ষেত্রে শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে। খাতা মূল্যায়নে শিক্ষকরা পছন্দের শিক্ষার্থীদের বেশি সুবিধা দেন—এমন অভিযোগও রয়েছে। এছাড়া শিক্ষকদের ব্যক্তিগত বা রাজনৈতিক আক্রোশের কারণে অনেক শিক্ষার্থী একাডেমিকভাবে ভোগান্তির শিকার হন বলেও অভিযোগ রয়েছে।

এসব সমস্যা এড়াতে পরীক্ষার খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালুর দিকে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ পদ্ধতি চালু হলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষার্থীর রোল নম্বরের পরিবর্তে একটি নির্দিষ্ট কোড ব্যবহার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে এলে আমি সমাধান করব। আমরা শিক্ষার্থীদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিচ্ছি। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা বজায় রাখতে রোল লেখার নিয়ম তুলে দিয়ে কোডিং সিস্টেম চালু করা হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় প্রস্তাবটি উত্থাপন করা হবে।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন: