• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

অবশেষে জানা গেল এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ

প্রকাশিত: ২৩:০৭, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:২২, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অবশেষে জানা গেল এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ

ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেল ফলাফল প্রকাশের তারিখ। আগামী ২৯ অক্টোবরই (বৃহস্পতিবার) প্রকাশিত  হতে যাচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল।

শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর ফলাফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি আগামী ২৬ অক্টোবর (সোমবার) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। পরে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ওই বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে ঘোষণা করেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। চলতি বছর দেশের সব শিক্ষাবোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন। তবে পরীক্ষায় বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাও শেষ হয়।

আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফলাফল জানতে পারবেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: