৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি নয়ন, সম্পাদক নাজিমুল
৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের দর্শন বিভাগের প্রভাষক নাজমুল হুসাইন নয়ন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চৌধুরী নাজিমুল ইসলাম।
রবিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) অনলাইন ও সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির মেয়াদ দুই বছর।
নব নির্বাচিত সভাপতি নাজমুল হুসাইন নয়ন বর্তমানে ঢাকা কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও দক্ষিণায়ন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত চৌধুরী নাজিমুল ইসলাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কমিটি গঠনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভোটগ্রহণ করা হয়। মোট ৭৯০ ভোটের মধ্যে ৬৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন নাজমুল হুসাইন নয়ন। অন্যদিকে, ৩৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন চৌধুরী নাজিমুল ইসলাম।
কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা কলেজের ইউসুফ কামাল ও কক্সবাজার সরকারি কলেজের গোলাম মোস্তফা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাউশির সংযুক্ত কর্মকর্তা লাইসার আহমেদ রুমন ও ফাতেমা তুজ জোহরা।
এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের শামীম আলম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন পটুয়াখালী সরকারি কলেজের আমিনুল ইসলাম আলভি। দপ্তর সম্পাদক হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজের জুবাইর মিয়া। প্রচারবিষয়ক সম্পাদক হয়েছেন কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের আলমগীর হোসাইন। নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন পিরোজপুর সরকারি কলেজের অনামিকা ফেরদৌস মলি।
আইনবিষয়ক সম্পাদক হয়েছেন ঝিনাইদহ সরকারি কে সি কলেজের মো. সোহাগ হোসেন। শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন পঞ্চগড় সরকারি কলেজের সেলিম রেজা। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের সাথী দেউরি এবং সিলেট এমসি কলেজের মো. জুয়েল আহমেদ।
পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার তমাল আব্দুল কাইয়ুম। কমিশনের অন্য সদস্যরা হলেন মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের শামীমা আক্তার, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ফারজানা রিবা, ফেনী সরকারি কলেজের হাফিজুর রহমান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের লিমন।
নায়েমে স্থাপিত নির্বাচন সমন্বয়কক্ষ পরিদর্শন করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিভি/এআই













মন্তব্য করুন: