• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আজিমপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা!

প্রকাশিত: ১৪:৫৭, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আজিমপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা!

ছবি: আন্দোলনরত শিক্ষার্থীরা

নতুন অধ্যক্ষ নিয়োগ না হওয়া পর্যন্ত ক্লাশ, পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) শিক্ষার্থীরা। বর্তমান অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছাকে তারা অবাঞ্চিত ঘোষণা করেছে। 

শুক্রবার (৬ নভেম্বর) সকালে, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়কের দুপাশ বন্ধ করে আন্দোলনে এসব দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়াও, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা। 

তবে পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে নারী পুলিশের সহায়তায় অসুস্থ অধ্যক্ষকে উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আঘাত করেনি পুলিশ। সড়ক অবরোধ না করে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। ৭২ ঘণ্টার আলটিমেটাম দিলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকির অভিযোগ এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন।

অন্যদিকে, অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হলেও তারা ভোর ৫টা পর্যন্ত অনুষ্ঠান করে। এ কারণে দুই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়। পরে তারা ক্ষমা চাইলে তিনি নমনীয় হন। তবে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিদ্যুৎ অপচয়ের বিল আদায়ের সিদ্ধান্ত নেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত