এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু, শেষ ৯ নভেম্বর
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে অনলাইনে এ কার্যক্রম চালু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। তবে পরীক্ষার ফি জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
যেভাবে ফরম পূরণ করবেন
সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ জন্য প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা অনলাইনে প্রদর্শন করবে।
এরপর তালিকায় থাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য যাচাই করে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা তালিকায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নেয়ার পর ইলেকট্রনিক ফরম ফিলআপ বা eFF প্রক্রিয়ায় অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। সবশেষে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
পরীক্ষার ফি নির্ধারণ
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি তত্ত্বীয় পত্র বা বিষয়ের জন্য পরীক্ষার ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি পরীক্ষাকেন্দ্র ফি হিসেবে দিতে হবে ৪৫০ টাকা।
যেভাবে ফি জমা দিতে হবে
পরীক্ষার নির্ধারিত ফি শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। এ ক্ষেত্রে নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেয়ার সুযোগ নেই।
অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণের সময় নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, পরীক্ষার ফি জমা দেয়ার শেষ দিন ১০ নভেম্বর। নির্ধারিত সময় পার হলে কোনো অবস্থাতেই পরীক্ষার ফি কিংবা প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করা হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
তাই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফরম পূরণ ও ফি জমার প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: