আসছে শুভ ও জান্নাত সুচির নতুন মিউজিক ভিডিও
জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ নিয়মিত নতুন গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের মাঝে নিজের অবস্থান আরও সুদৃঢ় করে চলেছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নতুন দুটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছেন। গান দুটি হলো ‘ভালোবাসি তোমায়’ ও ‘তুমি’।
গান দুটির শুটিং করা হয়েছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। এই দুটি গানে শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সেরাকণ্ঠ খ্যাত আদিবা। গানগুলোর সংগীতায়োজন করেছেন কাওসার। গানগুলোর কথা ও সুর করেছেন শুভ ও সালমান। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন শামীম আহসান।
গান দুটি প্রযোজনা করেছে টিআই অরিজিনালস। খুব শীঘ্রই টিআই অরিজিনালসের ইউটিউব চ্যানেল থেকে গান দুটি প্রকাশিত হবে।
মিউজিক ভিডিও দুটিতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাত সুচি। মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে জান্নাত সুচি বলেন, আমি মূলত নাটক ও বিজ্ঞাপনে কাজ করি এবং সবসময় সেগুলো নিয়েই ব্যস্ত থাকি। এই প্রথম আমি শুভর গানের মডেল হয়েছি। শুভর সঙ্গে দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। শুভর গান আমার খুব পছন্দ। তার কণ্ঠ খুব সুন্দর। গানগুলো শুনলে যে কেউ পছন্দ করবেন। গানগুলো আমার ভীষণ ভালো লেগেছে বলেই অভিনয়ের পাশাপাশি এই মিউজিক ভিডিওগুলো করেছি। আশা করি দর্শকদের আমাদের কাজ ভালো লাগবে।
এ নিয়ে কণ্ঠশিল্পী শুভ বলেন, জান্নাত সুচি একজন খুব ভালো অভিনেত্রী। তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বাস করে আরশের সঙ্গে তার কিছু নাটক আমি দেখেছি। একজন শিল্পী হিসেবে তার অভিনয় আমার খুব ভালো লাগে। আমার দুটি মিউজিক ভিডিওতে তিনি অভিনয় করেছেন। গানগুলো দারুণ হয়েছে। খুব শীঘ্রই গানগুলো প্রকাশিত হবে এবং দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”
গান দুটির প্রযোজনা প্রসঙ্গে টিআই অরিজিনালসের কর্ণধার তাহমিদ বলেন, টিআই অরিজিনালস সবসময় মানসম্মত সংগীত ও দৃশ্যভিত্তিক কনটেন্ট প্রযোজনায় বিশ্বাস করে। শুভ একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী এবং জান্নাত সুচি একজন শক্তিশালী অভিনেত্রী। এই দুটি গান আমাদের প্রযোজনায় তৈরি করতে পেরে আমরা গর্বিত। আশা করছি দর্শকরা গান ও মিউজিক ভিডিও দুটি আন্তরিকভাবে গ্রহণ করবেন।”
উল্লেখ্য, গান দুটি খুব শীঘ্রই টিআই অরিজিনালসের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।
বিভি/জোহা



মন্তব্য করুন: