আমিশা প্যাটেলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল নতুন করে আলোচনায় এসেছেন। চেক বাউন্সের একটি মামলায় নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি পারিশ্রমিক নিলেও আমিশা সেখানে উপস্থিত হননি।
অভিযোগে আরও বলা হয়, অনুষ্ঠানে না এসে অতিরিক্ত অর্থ দাবি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে বলে দাবি মামলাকারীর।
পবন ভার্মার বক্তব্য, বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।
আদালত একাধিকবার সমন জারি করলেও নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গাদার ২ খ্যাত এই অভিনেত্রী অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনাটি বহু পুরনো এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সব আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলেও পাল্টা অভিযোগ করেন তিনি।
আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: