• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নতুন মৌসুমে ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’

প্রকাশিত: ১৭:২০, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নতুন মৌসুমে ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’

দর্শকদের হাসাতে আবারও ফিরছেন জনপ্রিয় কৌতুকশিল্পী ও উপস্থাপক কপিল শর্মা। নেটফ্লিক্সে আসছে তার জনপ্রিয় কমেডি টক শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন মৌসুম। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পঞ্চম মৌসুমের প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছেন কপিল শর্মা।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন মৌসুম। প্রতি শনিবার রাত ৮টায় নেটফ্লিক্সে প্রচারিত হবে নতুন পর্ব।

এবারের মৌসুমকে ‘ফেস্টিভ্যাল অব কমেডি’ বা হাসির উৎসব হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রচারণামূলক ভিডিওতে কপিল শর্মার সঙ্গে দেখা গেছে সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, অর্চনা পুরান সিং ও নভজ্যোৎ সিং সিধুকে। সংগীতের ছন্দে তারা ঘোষণা দিয়েছেন অনুষ্ঠানের নতুন মৌসুমের প্রত্যাবর্তনের।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “ঢোল, নাগাড়া সব বাজবে, কারণ হাসির উৎসব এবার নেটফ্লিক্সে সাজবে!” পাশাপাশি জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম মৌসুম।

অনুষ্ঠানের নতুন মৌসুম প্রসঙ্গে কপিল শর্মা বলেন, প্রতিটি মৌসুমে তারা মনে করেন, অনেক মজা করেছেন। কিন্তু পরে বুঝতে পারেন, তাদের মজার ভাণ্ডার এখনো শেষ হয়নি। আর এই বিষয়টিই তাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে কপিল বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-কে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। 

নেটফ্লিক্সের সিরিজ বিভাগের প্রধান তানিয়া বামি বলেন, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ ইতোমধ্যে পারিবারিক বিনোদনের অনুষ্ঠান হিসেবে দর্শকদের মধ্যে নিজস্ব জায়গা তৈরি করেছে। নতুন মৌসুমে বিভিন্ন ধরনের কমেডি ও বৈচিত্র্যময় পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি আরও জমজমাট হবে বলেও জানান তিনি।

এর আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ মৌসুম শেষ হয়েছিল চলতি বছরের ১৪ মার্চ। এর কয়েক মাসের মধ্যেই নতুন মৌসুমের ঘোষণা দিলেন কপিল।

নতুন মৌসুমেও থাকছে অনুষ্ঠানের পরিচিত আয়োজন—তারকাদের সঙ্গে আড্ডা, কমেডি স্কেচ, মজার কথোপকথন, রসিকতা ও হালকা রোস্ট। পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকা, আলোচিত ব্যক্তি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে তৈরি হতে পারে নানা অনাকাঙ্ক্ষিত ও মজার মুহূর্ত।

বিভি/জোহা

মন্তব্য করুন: