• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, খেলবে ৬৪ দল

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া

প্রকাশিত: ২১:০৬, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:০৬, ১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, খেলবে ৬৪ দল

মহান বিজয় দিবস উপলক্ষে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আগামী ২১ ডিসেম্বর কুয়ালালামপুরের সান সো লিন ট্রেন স্টেশনের নিকটে জালান সুংগাই বিসির ম্যাট্রিক শাটল কোর্টে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

'বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫' নামের এই  টুর্নামেন্টে দ্বৈত ৬৪ টি দল অংশ নিবে। টুর্নামেন্টে অংশ নিতে পারবেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি যে কোনো নারী পুরুষ খেলোয়াড়। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে দল নিবন্ধন করতে হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দল পাবেন ২হাজার, ১২'শ, ৫'শ রিঙ্গিত নগত অর্থ, ট্রফি ও সার্টিফিকেট। 

স্থানীয় সময় রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপুতে মোনাল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোবিন ভূইয়া এসব তথ্য জানান। 

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোস্তফা ইমরান রাজুর পরিচালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আসগর মিলন, হাফিজুর রহমান লিমন ও জহিরুল ইসলাম হিরন। এসময় আরো উপস্থিত ছিলেন মো: মিজান, শাহজাহান আলম, শেখ আরিফুজ্জামান, শেখ শাকিল, বাপ্পি কুমার দাস ও মো: ইকবাল হোসেন। 

বক্তব্যে সাধারণ সম্পাদক আলী আসগর মিলন বলেন, "প্রবাসে বাংলাদেশের মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্য প্রবাসীদের নিয়ে আমাদের এই টুর্নামেন্ট আয়োজন। আমরা প্রত্যাশা করি, প্রবাসী ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে একটি জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ২১ ডিসেম্বর রোববার ছুটির দিনে মাঠে উপস্থিত থেকে ব্যাডমিন্টন খেলা উপভোগ করতে পারবেন। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট প্রবাসীদের মিলনমেলায় পরিণত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতি প্রবাসীদের বাড়তি আনন্দ দিবে আশা করি। "

টুর্নামেন্টে দল নিবন্ধন ও তথ্যের জন্য +৬০১৬২৩৪৭২০১ (মোবিন), +৬০১৯৮০৯০১০৮ ( আজগর) ও +৬০১৪২৬৬০০৩৯ (রাজু) নাম্বারে যোগাযোগ করতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2