রেমিটেন্স যোদ্ধা বাবুল মিয়াকে বাঁচাতে সহায়তা কামনা পরিবারের
দীর্ঘ ২৪ বছরের প্রবাস জীবনে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখা এক রেমিট্যান্স যোদ্ধা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা প্রবাসী মোঃ বাবুল মিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনরা।
পরিবারসূত্রে জানা যায়, মোঃ বাবুল মিয়া প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৬ বছর কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি কুয়েতে প্রায় ৮ বছর কাজ করেন। গত ৯ মাস আগে কুয়েতে কর্মরত অবস্থায় তিনি মারাত্মক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
অসুস্থ বাবুল মিয়ার ভাই মোঃ বিল্লাল মিয়া বলেন, আমার ভাই দীর্ঘ বছর প্রবাসে কষ্ট করেছে। গত ৯ মাস আগে ব্রেন স্ট্রোক হওয়ার পর কুয়েতে চিকিৎসা নিয়েছে। কিন্তু, তার ব্রেনের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তার ডান হাত, ডান পা ও বাম পা সম্পূর্ণ অচল। ব্রেন কাজ করছে না। খাদ্যনালীতেও জটিলতা দেখা দিয়েছে। এখন তাকে নাকের মাধ্যমে খাবার দিতে হচ্ছে।
তিনি আরও জানান, কুয়েতে দীর্ঘ চিকিৎসা ব্যয়ের পর পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ে। পরবর্তীতে তাকে দেশে ফিরিয়ে এনে রাজধানীর মিটফোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা ও নিবিড় পরিচর্যা প্রয়োজন।
বাবুল মিয়া দুই সন্তানের জনক। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে পরিবারের সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। বর্তমানে তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বিল্লাল মিয়া বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কারণে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। অথচ আজ আমার ভাই দীর্ঘ অসুস্থতার কারণে জীবনটাই হারাতে বসেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন আমার ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান।
এছাড়া তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির প্রতিও সহায়তার আবেদন জানান, যেহেতু তাদের বাড়ি লক্ষ্মীপুর-৩ আসনের অন্তর্ভুক্ত।
পরিবার ও এলাকাবাসী বাবুল মিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। মানবিক সহায়তা পেলে তার চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: