উপদেষ্টা নিয়োগ পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন মাহদী আমিনের
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) হিসেবে নিয়োগ দেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ড. মাহদী আমিন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুরোনো ভিডিও প্রকাশ করে এই কৃতজ্ঞতা জানান মাহদী আমিন।
পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও নেতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ।
আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে পথচলা ২০১১ সাল থেকে। বিভিন্ন সেক্টরের পলিসি নিয়ে ও বৃহত্তর রাজনৈতিক পরিসরে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।
প্রথম তাঁর উপদেষ্টা হিসেবে নিযুক্তির সময় তিনি ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। সে সময় আমরা আবেগাপ্লুত হয়ে তাঁকে ‘দেশনায়ক’ বলে সম্বোধন করতাম; তবে তাঁর নির্দেশে তা থেকে বিরত থাকি। ২০১৮ সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এই বছর তিনি দলের চেয়ারম্যান হন এবং গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, যা দেশের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায়।
গত এক যুগ ধরে, একজন উপদেষ্টা হিসেবে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তাঁর পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। আমার সীমিত সামর্থ্যের মধ্যেও যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে প্রত্যয়ে আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন, সেখানে ইনশাআল্লাহ সামান্য ভূমিকা রাখার সুযোগও আমার জন্য পরম প্রাপ্তি হবে।
২০১৪ সালে আজকের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে প্রথম নিয়োগের পর যে অঙ্গীকার ব্যক্ত করেছিলাম, এই ভিডিওর সেই প্রতিটি শব্দ ও মর্মার্থ আজও আমি একইভাবে ধারণ করি। দল, মত, পথ, আদর্শ ও বিশ্বাস নির্বিশেষে, আপনাদের সবার দোয়া কামনা করছি।’
বিভি/পিএইচ



মন্তব্য করুন: