ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনা, পঙ্গু হাসপাতালে চাপ সামলাতে হিমশিম অবস্থা
ঈদের দিনে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর জরুরি বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের উপচে পড়া ভিড়। বছরের অন্যান্য দিনের তুলনায় এদিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
বিকাল সাড়ে ৪টার দিকে জরুরি বিভাগে শিশু থেকে শুরু করে বয়স্ক—সব বয়সী মানুষ চিকিৎসার জন্য ভিড় করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অন্তত ১৫১ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যাদের বড় অংশই সড়ক দুর্ঘটনায় আহত এবং তাদের মধ্যে অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।
জরুরি বিভাগের এক নার্স জানান, অন্যান্য দিনের তুলনায় রোগীর চাপ অনেক বেশি ছিল। অনেক ক্ষেত্রে জায়গা সংকুলান না হওয়ায় রোগীদের ট্রলিতে রেখেই চিকিৎসা দিতে হয়েছে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান জানান, ঈদের ছুটিতে প্রতি বছরই সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় রোগীর চাপ বৃদ্ধি পায়। তবে এবার মোটরসাইকেল দুর্ঘটনার হার বেশি লক্ষ করা গেছে।
পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বাড়তি প্রস্তুতি নিয়েছে। প্রতি শিফটে ১৮ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজনে অতিরিক্ত জনবল প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
বিভি/টিটি



মন্তব্য করুন: