• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি: এএমআর মোকাবেলায় বারডেমে জরুরি সেমিনার

প্রকাশিত: ১৭:৩৩, ১৩ মে ২০২৬

ফন্ট সাইজ
ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি: এএমআর মোকাবেলায় বারডেমে জরুরি সেমিনার

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুরোধী ওষুধের কার্যকারিতা কমে যাওয়া বর্তমানে বিশ্ব স্বাস্থ্যখাতের অন্যতম বড় সংকট হিসেবে দেখা দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা—ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (আইপিসি)—অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে সচেতনতা বাড়াতে বারডেমে অনুষ্ঠিত হয়েছে ‘Strategies to Combat Antimicrobial Resistance - Role of IPC’ শীর্ষক সেমিনার। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বারডেম অডিটোরিয়াম ও মাল্টিপারপাস হলে এই সেমিনার আয়োজন করে বারডেম টিচার্স সোসাইটি (বিটিএস) এবং বাংলাদেশ ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ফাউন্ডেশন (বিআইপিসিএফ)।

সেমিনারে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সংক্রমণ (HAI) এবং এএমআর ছড়িয়ে পড়া রোধে এখনই কার্যকর ও বৈজ্ঞানিক কৌশল গ্রহণ জরুরি। সঠিক আইপিসি ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে হাসপাতাল-সংক্রমণ কমবে, অ্যান্টিবায়োটিক ব্যবহারের চাপও হ্রাস পাবে এবং জনস্বাস্থ্য নিরাপদ থাকবে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিটিএস-এর সভাপতি ও বারডেম একাডেমির কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. মো. ফিরোজ আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাসির উদ্দিন আহমেদ (অব.)।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপিসিএফ-এর সভাপতি অধ্যাপক ডা. জাহিদুল হাসান, যিনি এএমআর ও হাসপাতাল সংক্রমণের বর্তমান পরিস্থিতি এবং করণীয় নিয়ে আলোচনা করেন। আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন বারডেমের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, যেখানে তিনি এএমআর প্রতিরোধের লড়াইয়ে দেশের বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আকরাম হোসেন (সহ-সভাপতি, বিআইপিসিএফ), ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ মহসিন (পরিচালক প্রশাসন, বারডেম) এবং অধ্যাপক ডা. সাহেলা নাসরিন (সিইও, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল)।

সেমিনারটি সঞ্চালনা করেন বিটিএস-এর সায়েন্টিফিক সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আবদুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন বিটিএস-এর সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. ফারিয়া আফসানা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিআইপিসিএফ-এর ফাউন্ডার সদস্য ও সংশ্লিষ্ট আইপিসি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সেমিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে সহযোগিতা করে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, নিওটেক মেডিকেল সার্ভিসেস এবং ট্রেডওয়ার্থ গ্রুপ। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়াবে এবং স্বাস্থ্যখাতে নিরাপদ ও উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

বিভি/এমআর

মন্তব্য করুন: