• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

প্রকাশিত: ১৭:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৩ জন।

এ ছাড়া বরিশালে ১৫৯, চট্টগ্রামে ১৬৫, খুলনায় ২৯০, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ১৩৭, রংপুরে ৬৫ ও সিলেটে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৬৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৯৪১ জন।

এদিকে রোগীর চাপ বাড়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। মুগদা জেনারেল হাসপাতালে নির্ধারিত ৬০টি শয্যার বিপরীতে সোমবার ভর্তি ছিলেন ১৮৭ জন। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতালটির উপপরিচালক ডা. নূরুল ইসলাম বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর চাপও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত শয্যা, চিকিৎসক ও নার্স প্রয়োজন।

কীটতত্ত্ববিদরা আশঙ্কা করছেন, অক্টোবর মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রোগীর চাপ সামাল দিতে সরকারি হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে বেসরকারি হাসপাতালেও রোগী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: