• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

টেলিভিশন সম্প্রচারের কলাকৌশল নিয়ে বই ‘ডিজিটাল সম্প্রচার’

প্রকাশিত: ১২:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টেলিভিশন সম্প্রচারের কলাকৌশল নিয়ে বই ‘ডিজিটাল সম্প্রচার’

জেকের উদ্দিন সম্রাটের বই ‘ডিজিটাল সম্প্রচার’ প্রকাশিত হয়েছে

বাংলা ভাষায় টেলিভিশন সম্প্রচারের তাত্ত্বিক ও কারিগরি দিক থেকে শুরু করে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম, আইপি টিভি, ওটিটি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সমন্বিত আলোচনা নিয়ে প্রকাশিত হয়েছে সময়োপযোগী গ্রন্থ ‘ডিজিটাল সম্প্রচার’।

বইটি রচনা করেছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভি-এর সম্প্রচার ও বার্তা পরিচালক জেকের উদ্দিন সম্রাট। দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতার আলোকে তিনি জটিল সম্প্রচার কৌশলকে সহজ, সাবলীল ও পাঠকবান্ধব ভাষায় উপস্থাপন করেছেন। ফলে বইটি যেমন পেশাজীবীদের জন্য তথ্যসমৃদ্ধ, তেমনি নতুন প্রজন্মের শিক্ষার্থী ও কনটেন্ট নির্মাতাদের জন্যও সমানভাবে উপযোগী।

আসন্ন অমর একুশে বইমেলা-কে সামনে রেখে গ্রন্থটি প্রকাশ করেছে দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইমেলার শুরু থেকেই প্রকাশনাটির স্টলে পাওয়া যাচ্ছে ‘ডিজিটাল সম্প্রচার’। পাশাপাশি রকমারি ডট কম-সহ বিভিন্ন অনলাইন বুকস্টোরেও বইটি সংগ্রহ করা যাচ্ছে।

বাংলা ভাষায় সম্প্রচার কৌশল ও প্রযুক্তিভিত্তিক বই অত্যন্ত বিরল। দেশে মিডিয়া ও সম্প্রচার বিষয়ে পড়াশোনা করতে গিয়ে শিক্ষার্থীদের অধিকাংশ সময় বিদেশি ও ইংরেজি ভাষার বইয়ের ওপর নির্ভর করতে হয়। সে প্রেক্ষাপটে ‘ডিজিটাল সম্প্রচার’ একটি গুরুত্বপূর্ণ সংযোজন। টেলিভিশন সম্প্রচার প্রকৌশলী হতে আগ্রহী শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউব ও সামাজিক মাধ্যমভিত্তিক সম্প্রচারকর্মী, ভিডিওগ্রাফার—সবার জন্যই বইটি কার্যকর দিকনির্দেশনা দেবে। টেলিভিশন, ফিল্ম ও মিডিয়া স্টাডিজের শিক্ষার্থীদের জন্য এটি একটি ব্যবহারিক হ্যান্ডবুক হিসেবেও বিবেচিত হতে পারে।

ইত্যাদি গ্রন্থ প্রকাশ-এর প্রকাশক জহিরুল আবেদিন জুয়েল বলেন, দেশে সম্প্রচার কৌশল বা সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে মাতৃভাষায় মানসম্মত গ্রন্থের অভাব দীর্ঘদিনের। এই বইটি সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি যেমন একাডেমিক সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হবে, তেমনি আধুনিক ডিজিটাল কনটেন্ট নির্মাণে আগ্রহী তরুণদের জন্যও হবে নির্ভরযোগ্য সহচর।

লেখক জেকের উদ্দিন সম্রাট জানান, দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, প্রযুক্তিগত চর্চা ও বাস্তব কর্মপরিবেশের আলোকে তিনি বইটি রচনা করেছেন। তাঁর মতে, জটিল সম্প্রচার প্রযুক্তিকে সহজ ভাষায় ব্যাখ্যা করা সময়ের দাবি। তাই সাধারণ পাঠক থেকে শুরু করে পেশাদার সম্প্রচারকর্মী—সবাইকে মাথায় রেখেই বইটি লেখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল দুনিয়ায় দক্ষতা অর্জনে বইটি কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জেকের উদ্দিন সম্রাট বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার অঙ্গনের একজন অগ্রণী ব্যক্তিত্ব। পনেরো বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ ও সম্প্রচার ব্যবস্থাপনায় নেতৃত্ব দিয়ে আসছেন। আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের টেলিভিশন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে ভূমিকা রেখেছেন তিনি। বর্তমানে তিনি মাই টিভি বাংলাদেশ-এর নিউজ, ব্রডকাস্ট ও আইটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত