স্বপ্নের গ্রাহকের তথ্য বেহাত: ১.৫ মিলিয়ন র্যানসম দাবি হ্যাকারের
সুপার মার্কেট চেইন স্বপ্ন থেকে প্রচুর গ্রাহকের তথ্য বেহাত হয়েছে। জানা গেছে, সিস্টেম রিস্টোরের জন্য হ্যাকার গ্রুপ ১.৫ মিলিয়ন ডলার র্যানসম দাবি করে যা বাংলাদেশী টাকায় ১৮ কোটি টাকার উপর।
বিষয়টি নিয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, গত বছরের ডিসেম্বর মাসে হ্যাকাররা স্বপ্নের ডেটাবেস এবং কোম্পানির ওয়েব সাইটের নিয়ন্ত্রণ নেয়। তিনি বলেন, হ্যাকাররা এক্সেস ফিরিয়ে দিতে দেড় মিলিয়ন ডলার দাবি করে।
তবে কি পরিমান গ্রাহকের তথ্য বেহাত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায় নি তিনি। কোম্পানি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় তিনি।
সোশ্যাল মিডিয়ায় গ্রাহকদের নাম, ফোন নম্বর এবং কেনাকাটার ইতিহাস ফাঁস হতে শুরু করার পর এই তথ্যটি সামনে আসে। স্বপ্নের ৪০ লাখেরও বেশি নিবন্ধিত গ্রাহক রয়েছে। ৬৩টি জেলায় এর ৮১২টি আউটলেট রয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, মোবাইল ফোন নম্বর এবং কেনাকাটার ইতিহাস অন্তর্ভুক্ত রয়েছে।
এই তথ্য ফাঁসের তদন্ত করতে এবং তাদের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে দেশীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে কাজ করছে স্বপ্ন।
তিন মাস আগে এই তথ্য ফাঁসের অভিযোগ থাকা সত্ত্বেও কেন আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, কোম্পানিটি সম্প্রতি এই অনুপ্রবেশ শনাক্ত করেছে।
ইনফোসেক বুলেটিনের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ২১ লাখেরও বেশি গ্রাহকের তথ্য বেহাত হয়েছে। এর পরেই রয়েছে গাজীপুর (২ লাখ ৫৮ হাজার) এবং সিলেট (১ লাখ ৪৭ হাজার)। চট্টগ্রাম ও ময়মনসিংহের মতো অন্যান্য বড় শহরের গ্রাহকের তথ্যও উল্লেখযোগ্য ভাবে বেহাতের তথ্য রয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ, খুলনা ও রংপুরের মতো জেলায় এই ঘটনা ঘটেছে।
বিভি/এসআই



মন্তব্য করুন: