গাজার শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান। রবিবার (১৮ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, গাজা নিয়ে বোর্ড অব পিসে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী ফিলিস্তিন সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে পাকিস্তান যুক্ত থাকবে।
ইসরাইলের টানা দুই বছরের বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগোনোর অংশ হিসেবে ‘বোর্ড অব পিস’ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
ট্রাম্প ইতোমধ্যে নিজেকে এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থনৈতিক উন্নয়নের বিতর্কিত ধারণা সামনে আনছেন। যুক্তরাষ্ট্র তুরস্ক, মিসর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ইতালি, মরক্কো, ব্রিটেন, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াসহ প্রায় ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানকে বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।
সূত্র: রয়টার্স।
বিভি/এসজি



মন্তব্য করুন: