• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির ৭ বছর কারাদণ্ড!

প্রকাশিত: ২৩:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির ৭ বছর কারাদণ্ড!

ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে দেশটির একটি আদালত ৭ বছরেরও বেশি সময় কারাদণ্ড দিয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্তের কথা তার আইনজীবী গণমাধ্যমকে জানান। ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আইনজীবী মোস্তাফা নিলি বলেন, নার্গিসকে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, তার ওপর দেশত্যাগে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে নার্গিসকে অতিরিক্ত দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে ২ বছরের জন্য ইরানের পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নার্গিস মোহাম্মাদি ২০২৩ সালে মানবাধিকার সংক্রান্ত কাজের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। গত ২৫ বছরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে সরব অবস্থানের কারণে ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে একাধিকবার বিচারের মুখোমুখি হতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে।

তিনি গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারেই কাটিয়েছেন। ২০১৫ সালের পর থেকে তিনি প্যারিসে বসবাসরত তার যমজ সন্তানদের সঙ্গে দেখা করতে পারেননি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: