ইমরান খানের চোখের চিকিৎসা নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল
পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসার সরকারি প্রতিবেদন নাকচ করে তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তির দাবিতে অনড় রয়েছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই। চলমান আন্দোলন প্রত্যাহারের প্রশ্নে শর্তও দিয়েছে ইমরানের দল।
রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারে গিয়ে রবিবার ইমরানের চোখ পরীক্ষা করে প্রতিবেদন দিয়েছে পাঁচ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড। এর ভিত্তিতে সোমবার সকালে আইনমন্ত্রী আজম নাজির তারার জানিয়েছেন, ইমরানের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। নতুন চশমায় ডানচোখে দৃষ্টিশক্তি ৭০ শতাংশ ফিরেছে। আর বাম চোখের দৃষ্টি স্বাভাবিক আছে।
এর আগে পিটিআই জানিয়েছিলো, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি আছে। এই প্রসঙ্গে পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান জানিয়েছেন, ইমরানের স্বাস্থ্যঝুঁকি নিয়ে রাজনীতি বা সুযোগ নিচ্ছে না তার দল। মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন সুপ্রিম কোর্টে দাখিলের কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ তার।
সেইসাথে, ইমরানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে চলমান কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছেন। সোমবার সকালেও চতুর্থ দিনের মতো ইসলামাবাদে পার্লামেন্ট হাউজের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন পিটিআই নেতাকর্মীরা।
অচলাবস্থার সমাধান চাইলে ইমরানকে অবিলম্বে আল-শিফা আই ট্রাস্ট হাসপাতালে স্থানান্তর এবং ব্যক্তিগত চিকিৎসক আসিম ইউসূফকে দেখা করতে দেয়ার শর্ত দিয়েছে পিটিআই।
বিভি/এজেড



মন্তব্য করুন: