• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

প্রকাশিত: ২৩:০৪, ৪ মার্চ ২০২৬

আপডেট: ২৩:০৮, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

লেবাননের ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরাইলের সব দূতাবাসে হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। 

বুধবার (৪ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই হুমকি দিয়েছেন।

বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে ইসরাইলি হামলার হুমকির বিষয়ে শেকারচি বলেন, ইসরাইল নামের ‘অপরাধী রাষ্ট্রটি’ বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে তেহরান।

শেকারচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের কোনও ধরনের শত্রুতা বা বিরোধ নেই।’

ইসরাইলি হুমকির জবাবে ইরানের এই জেনারেল বলেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনো আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরাইলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। তার ভাষায়, ‘যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনো আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এ ছাড়া আরব আমিরাতের ইসরায়েলি দূতাবাস কমপ্লেক্সের ইরানের একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়লে অন্তত ২ জন আহত হয়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত