• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

জিয়াংয়ের ৩ ভবিষ্যদ্বাণীর দুটি মিলে গেছে, তবে কি ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত: ২১:৪১, ৫ মার্চ ২০২৬

আপডেট: ২১:৪২, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
জিয়াংয়ের ৩ ভবিষ্যদ্বাণীর দুটি মিলে গেছে, তবে কি ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র?

চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক শুইচিন জিয়াংয়ের ‘প্রেডিকটিভ হিস্ট্রি’ নামে একটি ইউটিউব চ্যানেল আছে। তার চ্যানেলটি এখন দারুণ জনপ্রিয়। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেন। ওই চ্যানেলের অনুসারী ১৫ লাখের বেশি।

২০২৪ সালে জিয়াংয়ের একটি বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে। ভাইরাল হওয়া দুই বছর আগের ওই ভিডিওতে জিয়াং ভবিষ্যদ্বাণী করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র।

ওই বক্তব্যে এই অধ্যাপক তিনটি ভবিষ্যদ্বাণী করেন। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন; দ্বিতীয়টি হলো তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন এবং তৃতীয়টি হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে।

জিয়াংয়ের প্রথম দুটি ভবিষ্যদ্বাণী মিলে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এখন তাকে ‘চীনের নস্ট্রাডামাস’ নামে ডাকা শুরু করেছে। নস্ট্রাডামাস ছিলেন ১৬ শতকের একজন ফরাসি জ্যোতিষী।

জিয়াং বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান। ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই অধ্যাপক পেশাজীবনের বড় অংশজুড়ে চীনের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন।

এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন।

চীনা বংশোদ্ভূত এই অধ্যাপকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি ২০২৪ সালের মে মাসে রেকর্ড করা। সেখানে তিনি বলেন, যদি ট্রাম্প ক্ষমতায় ফিরে আসেন, তবে ভূরাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে।

জিয়াং আরও বলেছিলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এবং এমন সংঘর্ষ যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে।

ইতিহাস থেকে মিল খুঁজে জিয়াং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেছিলেন। এথেন্স থেকে বিশাল এক সামরিক বাহিনী সিসিলিতে বড় ধরনের এক সামরিক অভিযান চালিয়েছিল, যা শেষ পর্যন্ত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল।

বক্তব্যে জিয়াং আরও বলেছিলেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং দেশটির জনসংখ্যা সেখানে যেকোনো দীর্ঘমেয়াদি দখলদারত্বকে বেশ কঠিন করে তুলবে।

কারণ, ইরানের পাহাড়ি অঞ্চল, দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ প্রাথমিকভাবে পাওয়া সামরিক সাফল্যকে দ্রুত কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত