• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চার বছরে বিশ্ববাজারে সর্বোচ্চ দামে অপরিশোধিত জ্বালানি তেল

প্রকাশিত: ০৯:৩৭, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চার বছরে বিশ্ববাজারে সর্বোচ্চ দামে অপরিশোধিত জ্বালানি তেল

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি একশ’ ডলার ছাড়িয়েছে। গত চার বছরের মধ্যে এটি সর্বোচ্চ। রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের লেনদেন হচ্ছে ১১১ থেকে ১১৫ ডলারের মধ্যে। ওপেকভুক্ত দেশগুলোর তেলের গড় দাম, অর্থাৎ ওপেক বাস্কেট, প্রতি ব্যারেল প্রায় ৯০ ডলারের বেশি।

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় অনেক তেল ট্যাঙ্কার চলাচল সীমিত করেছে। পাশাপাশি কয়েকটি তেল উৎপাদনকারী দেশ উৎপাদন ও রপ্তানি কমাতে পারে—এমন শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।

তবে, মার্চের শেষ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে পারে। ওয়াশিংটনভিত্তিক পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের অর্থনীতিবিদ আদনান মাজরেই বলেন, উপসাগরীয় কয়েকটি দেশে তেল উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এবং সংঘাত দীর্ঘায়িত হওয়ার লক্ষণ—এই দুই কারণে তেলের দামের এই উল্লম্ফন প্রত্যাশিতই ছিল। তার কথায়, অনেকেই এখন বুঝতে শুরু করেছেন, এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা নিশ্চয়তা ও কৌশলগত লক্ষ্য নিয়ে এগোচ্ছে, সময় যত যাচ্ছে ততই মনে হচ্ছে সেগুলো অতটা বাস্তবসম্মত নয়।

তেলের দাম বৃদ্ধির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্বল্পমেয়াদে তেলের দামের এই বৃদ্ধি বড় বিষয় নয়। ইরানের পারমাণবিক হুমকি থেকে মুক্তি পেতে এই সামান্য মূল্য দিতেই হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত