• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

ইরানের মিসাইল সক্ষমতা ১০ শতাংশের নিচে নেমে এসেছে, দাবি ট্রাম্পের

প্রকাশিত: ০৯:৪৫, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানের মিসাইল সক্ষমতা ১০ শতাংশের নিচে নেমে এসেছে, দাবি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলা খুব দ্রুতই শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, পরিকল্পনার চেয়েও দ্রুত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প দাবি করেন, ইরানের মিসাইল সক্ষমতা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এই বক্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন। প্রেসিডেন্ট পুতিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিরসনে সহায়তার ইচ্ছা প্রকাশ করেন।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, হরমুজ প্রণালি বন্ধ হলে ইরানে ‘বিশ গুণ বেশি’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নয়; যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প অপমানজনক পরাজয়ের পরও নকল বিজয়ের দাবি করছেন বলে মন্তব্য করেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি।

এদিকে, ইরান ও লেবাননজুড়ে যৌথ হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইরানও পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। হামলা চলছে বাহরাইন, কুয়েত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: