• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ব্রিটিশ সংবাদমাধ্যমে মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত: ০১:১৮, ১৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ব্রিটিশ সংবাদমাধ্যমে মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পর্কে চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-The Sun। তাদের দাবি, সাম্প্রতিক একটি বিমান হামলায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। এমনকি কোমায় থাকার আশঙ্কা করছেন তারা।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় মোজতবা খামেনি মারাত্মক জখম হয়েছেন। এতে তিনি অন্তত একটি পা হারিয়েছেন এবং তার পেট বা লিভারে গুরুতর আঘাত লেগেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্য সানের প্রতিবেদনটিতে সূত্রের বরাতে আরও বলা হয়েছে, বর্তমানে তিনি একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। এমনকি তিনি কোমায় থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। কারণ হিসেবে বলা হয়েছে, বর্তমানে ইরানে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকায় তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এখনও জনসমক্ষে উপস্থিত হননি কিংবা সরাসরি কোনো বক্তব্য দেননি। এ কারণে তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

তবে মোজতবা খামেনির আহত হওয়ার বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান সরকার।

বিভি/এজেড

মন্তব্য করুন: