জ্বালানি অবকাঠামো আবারও লক্ষ্যবস্তু হলে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ইরানের
ইরানের জ্বালানি অবকাঠামো আবারও লক্ষ্যবস্তু হলে, ইসরাইল ও মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বৃহস্পতিবার (২০ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলা চালাতে ইরান সামান্য শক্তি ব্যবহার করেছে। ভবিষ্যতে আর কোনো সংযম দেখানো হবে না বলে হুমকি দেন তিনি।
বুধবারের হামলায় কাতারের এলএনজি রফতানি অবকাঠামোর প্রায় ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার সরকার জানিয়েছে, রাস লাফফান গ্যাসক্ষেত্রটি পুনরায় সচল করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।
এদিকে, ইসরাইলের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়া ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-থার্টি ফাইভ। বিমানটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইরানে হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কংগ্রেসের কাছে ২০০ বিলিয়ন ডলার চেয়েছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। চলতি সংঘাতে ইরান ও লেবাননে নিহতের সংখ্যা আড়াই হাজারের ছাড়িয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: