ইরানের পরমাণু কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভয়াবহ হামলা
ছবি: ওপেন ম্যাগাজিন
ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু নাতানজ আবারও পরিণত হয়েছে ভয়াবহ হামলার লক্ষ্যবস্তুতে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত আঘাতে কৌশলগত এই স্থাপনাটি নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান।
যুদ্ধের একেবারে শুরুতেই ক্ষতিগ্রস্ত হওয়া এই কেন্দ্রটির ওপর আবারও হামলা চালানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। স্যাটেলাইট চিত্রে আগেই ভবন ধ্বংসের চিহ্ন মিলেছিল—এবারের হামলায় ক্ষয়ক্ষতি আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘শহীদ আহমদী রোশান’ সমৃদ্ধকরণ কেন্দ্রে এই হামলা চালানো হয়েছে, যাকে তারা সরাসরি ‘অপরাধমূলক’ বলেছে সংস্থাটি। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, এই হামলা আন্তর্জাতিক আইন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং বৈশ্বিক নিরাপত্তা বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
২০২৫ সালের জুনে ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধে এটি প্রথম বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরে যুক্তরাষ্ট্রও সেখানে হামলা চালায়—যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
নাতানজকে ঘিরে নতুন করে শুরু হওয়া এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিস্ফোরক পর্যায়ে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। সূত্র: আল জাজিরা
বিভি/এমআর



মন্তব্য করুন: