ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ ৭০-এর বেশি অভিবাসী, উদ্ধার ৩২
ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৭০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার লিবিয়া থেকে যাত্রা শুরু করা নৌকাটিতে প্রায় ১০৫ জন ছিলেন। এনজিওগুলো – মেডিটেরানিয়া সেভিং হিউমেন্স এবং সি-ওয়াচ – রবিবার (৬ এপ্রিল) এই তথ্য সামাজিক মাধ্যমে জানিয়েছে। ফ্রান্স২৪-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবিতে দুইজন নিহত হয়েছেন এবং ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের দুইটি বাণিজ্যিক জাহাজ ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছে দেয়। সি-ওয়াচের প্রকাশিত আকাশছবিতে দেখা গেছে, দুইজন ব্যক্তি নৌকার পালের সাথে আঁকড়ে ধরেছেন, আর একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করতে এগিয়ে আসছে।
মেডিটেরানিয়া সেভিং হিউমেন্স বলেছে, এই মর্মান্তিক দুর্ঘটনা “ইউরোপীয় সরকারগুলোর নীতি প্রয়োগের ফল, যা অভিবাসীদের জন্য নিরাপদ ও আইনসম্মত পথ খোলার ক্ষেত্রে ব্যর্থ।”
লাম্পেদুসা উপকূল উত্তর আফ্রিকা থেকে ইউরোপের দিকে অভিবাসীদের জন্য প্রধান প্রবেশপথ হিসেবে পরিচিত। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৬৮৩ অভিবাসী ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন, জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। একই সময়ে, ইতালীয় সরকারের তথ্যানুসারে, ইতালির ভূখণ্ডে ৬,১৭৫ জন অভিবাসী পৌঁছেছেন।
এ ধরনের নৌকাডুবি প্রতিবারই নিরাপদ অভিবাসন পথের অভাব ও ঝুঁকিপূর্ণ যাত্রার ফলাফলের পরিচায়ক হিসেবে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো নিরাপদ এবং বৈধ অভিবাসন পথ চালুর জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: