• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন হেগসেথ

প্রকাশিত: ১৪:৫৬, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন হেগসেথ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর বেশ চাপে পড়েছে রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটদের কাছে শোচনীয় পরাজয়ের দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র কাদা ছোড়াছুড়ি। প্রশ্ন উঠেছে শীর্ষ নেতাদের যোগ্যতা নিয়ে। 

নির্বাচনে হারের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নীতি পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন তার দল রিপাবলিকান পার্টির নেতারা। দলটির অনেক নেতাই বলছেন, ট্রাম্পের উচিত প্রশাসনের ভেতরে বড় ধরনের পরিবর্তন আনা। ফলে অনিশ্চয়তায় পড়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মন্ত্রিত্ব।

নির্বাচনে পর এখন সবার নজর হেগসেথের দিকে। ইরান যুদ্ধ পরিচালনা, যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং সামরিক নেতৃত্বে পরিবর্তন আনার ঘটনায় নিজ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই বলছেন, ট্রাম্পকে ভুল বুঝিয়ে যে কয়জন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন, পিট হেগসেথ তাদের মধ্যে একজন। তাদের মতে, এই ‘অজনপ্রিয়’ যুদ্ধের কারণে সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন।

এমন অবস্থায় জোরালো হচ্ছে হেগসেথের পদত্যাগের দাবি। হেগসেথ পদত্যাগ না করলে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করার ঘোষণাও দিয়েছনে রিপাবলিকান প্রতিনিধি থমাস মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশন বসলে তিনি প্রতিনিধি পরিষদে এই ভোট নিশ্চিত করবেন। 

অবস্থা বেগতিক দেখে নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন পিট হেগসেথ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন হেগসেথ। সেখানে তিনি বলেন, ''শক্তির মাধ্যমে শান্তি অর্জন—এটি আবারও আমেরিকার সামরিক নীতি হয়ে উঠেছে। আমাদের কমান্ডার-ইন-চিফ এটিই চান, আর আমরা তা বাস্তবায়ন করছি। একজন অসন্তুষ্ট ও পরাজিত কংগ্রেসম্যান এবং তার ডেমোক্র্যাট মিত্ররা আমার বিরুদ্ধে অভিশংসনের ভুয়া প্রস্তাব এনেছেন—ঠিক যেমনটি তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দুবার করার চেষ্টা করেছিলেন। আসলে, তাদের নীতিগুলো কার্যকর নয় বলেই তারা রাজনৈতিক নাটকের মাধ্যমে প্রতিপক্ষকে ধ্বংস করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। এটি মূলত ব্যক্তিগতভাবে কাউকে ধ্বংস করার রাজনীতি। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে এটি সফল হয়নি, আমার ক্ষেত্রেও হবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।''   

এদিকে হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প হেগসেথের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্প বলেছেন, তার মতে হেগসেথ তার দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

মার্কিন রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিতর্কিত ব্যক্তিত্ব হেগসেথ। নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও তার বিরোধী ও সমালোচকের সংখ্যা বেড়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদচ্যুত করা এবং সামরিক বাহিনীতে বড় ধরনের রদবদল আনার কারণে সমালোচিত হন। কোনো বড় সংস্থা বা জটিল প্রশাসনিক কাঠামোর নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তার আছে কি না, সেটিই নিয়েও প্রশ্ন তুলছেন মার্কিন আইনপ্রণেতাদের অনেকে।

সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত