পাহাড়ি এলাকার ২০ কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো ভোটের সরঞ্জামাদি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট জনবল। গত দুইদিন ধরে জেলার চার উপজেলার মোট ১৪টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার যোগে ভোটের সরঞ্জামাদি ও নির্বাচন সংশ্লিষ্ট জনবল পাঠানো হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাঘাইছড়ি, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার বাকি ছয়টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে সকল নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট জনবল পাঠানো হয়েছে। এর মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার সব ভোটকেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলাগুলোর মধ্যে বাঘাইছড়িতে ছয়টি, বরকলে দুইটি, জুরাছড়িতে সাতটি এবং বিলাইছড়িতে পাঁচটি ভোট কেন্দ্র রয়েছে। এসব ২০টি হেলিশর্ট ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৫৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৯০২ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৬৪১ জন।
এদিকে, নির্বাচনকে ঘিরে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৪০০ জন সেনাবাহিনী সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, এক হাজার ৫৯৫ জন পুলিশ এবং দুই হাজার ৭৬৯ জন আনসার সদস্য। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন ১২জন ম্যাজিস্ট্রেট।
এদিকে হেলিশর্ট কেন্দ্রের পাশাপাশি রাঙ্গামাটিতে ৩৬টি ভোট কেন্দ্র রয়েছে সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই এবং ৬৫টি ভোট কেন্দ্র বিদ্যুৎবিহীন। এসব এলাকায় ভোটগ্রহণ শেষে ফলাফল সংগ্রহ ও প্রেরণে পুলিশ ও বিজিবির অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবার রাঙ্গামাটি ২৯৯ সংসদীয় আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ জসীম উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী এম এ বাশার, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
জেলার ১০ উপজেলায় মোট ২১৩টি ভোটকেন্দ্রে এবারের নির্বাচনে ভোট দেবেন পাঁচ লাখ নয় হাজার ২৭২ জন ভোটার। তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে দুই লাখ ৬৩ হাজার ৪১১ জন। নারী ভোটার হচ্ছে দুই লাখ ৪৫ হাজার ৮৫৯ জন। হিজরা ভোটারের সংখ্যা মাত্র দুই জন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা সহকারী রিটার্নিং অফিসার নিশাত শারমিন বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২০টি দুর্গম ভোট কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জামাদি ও জনবলসহ আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থার লোক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
বিভি/এসজি



মন্তব্য করুন: