• NEWS PORTAL

  • বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রাত পোহালেই ভোটগ্রহণ: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য

প্রকাশিত: ১৪:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাত পোহালেই ভোটগ্রহণ: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

ভোট উৎসবের অপেক্ষা ফুরোচ্ছে আর কয়েকঘণ্টা পরই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম।  এরই মধ্যে উপজেলা পর্যায়ে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। 

কেরানীগঞ্জে ঢাকা -২ ও ঢাকা -৩ আসনে ২২১টি ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তায় ব্যালটপেপারসহ সকল নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের  উপস্থিতিতে উপজেলা অডিটরিয়াম থেকে  এসব ব্যালটপেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি প্রতিটি কেন্দ্র প্রধান প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরে তাদের হাতে তুলে দেওয়া হয়। 

বাগেরহাট-৩ আসনের ১০৬টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। এ আসনে ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৬ টি ভোট কেন্দ্রে র মধ্যে ২৬ টি অতিঝুকিপুর্ণ, ৪৭ টি ঝুকিপূর্ণ বিভেচনায় নিয়ে ভোটগ্রহনের সরঞ্জামাদি বুধবার সকাল থেকে বিতরণ শুরু হয়। 
মোংলা উপজেলার সহকারী রিটানিং অফিসার ও ইউনও শারমিন আক্তার জানান, অতিঝুকিপূর্ণ ও ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫১৫টি কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকাল থেকে রির্টানিং কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।

সকাল ১১ টা থেকে টাঙ্গাইল জেলায় আসন ভিত্তিক প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করেন জেলা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। এসময় সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম ও ব্যালট পেপার। সকাল ১০টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।শান্তিপূর্ণ ভোট গ্রহণের জেলার ঝুঁকিপূর্ণ ৩৯৩ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

জয়পুরহাটের ২ আসনে ১৫১টি কেন্দ্রে ভোটের সামগ্রী পুলিশ আনসারদের সামনে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিকট বুঝিয়ে দেয়া হচ্ছে। সরঞ্জামগুলো গার্ড দিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান। 

খাগড়াছড়ি আসনের ২০৩ কেন্দ্রের মধ্যে দীঘিনালা ও লক্ষ্মীছড়ির দুর্গম ৩টি কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে ভোটের উপকরণ ও জনবল। অপর দিকে পুরো সংসদীয় আসন নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী,র‌্যাব ও বিজিবি। 

চট্টগ্রামের ১৬টি আসনের ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পেৌছে দেয়া হয়েছে। বুধবার সকাল থেকে মহানগরী ও উপজেলার ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট বক্সসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় অন্যান্য উপকরণ।

নির্বাচনে, লড়ছেন ২ হাজার ২৮ জন প্রার্থী। নারী প্রার্থী ৮৩ এবং স্বতন্ত্র ২৭৫ জন। অংশ নিচ্ছে ৫০টি দল। তবে প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত হয়েছে। তাই নির্বাচন হচ্ছে ২৯৯ আসনে। এসব আসনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। মোট ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্রে ভোট হবে। যার মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ।

বিভি/এজেড

মন্তব্য করুন: