• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

গৎবাঁধা প্রতিশ্রুতি থেকে বেরিয়ে এসেছে রাজনৈতিক দলগুলো: সিপিডি

প্রকাশিত: ১৬:১১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গৎবাঁধা প্রতিশ্রুতি থেকে বেরিয়ে এসেছে রাজনৈতিক দলগুলো: সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এবারের নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলো নতুনত্ব এনেছে। রাস্তাঘাট বা অবকাঠামো উন্নয়নের গৎবাঁধা প্রতিশ্রুতি থেকে তারা বেরিয়ে এসেছে এবং সামাজিক উন্নয়নের দিকে নজর দিয়েছে। তবে তা এখনও যথেষ্ট নয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ‘নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার ঘোষণা করেছে। বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পরিবেশ সুরক্ষায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন, এবং পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছে। দলটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর কথাও জানিয়েছে।

এছাড়া, পাঁচ বছরে মোট বিদ্যুৎ চাহিদার ২৫ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল স্থাপন এবং সরকারি গাড়ির ৪০ শতাংশ বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের ঘোষণাও দিয়েছে দলটি।

শিল্পকারখানায় ইটিপি প্ল্যান্ট স্থাপন বাধ্যতামূলক করা এবং দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার কথা বলেছে জামায়াতে ইসলামী। দলটি শিশু ও বয়স্কদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং মেয়েদের উচ্চশিক্ষা বিনা খরচে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। অন্যদিকে, কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে নির্বাচন ও গণভোট প্রসঙ্গে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলা যাচ্ছে না। একই সঙ্গে গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

এদিকে, নানা উদ্যোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলোর বাস্তবায়নে অর্থের যোগান কোথা থেকে আসবে, নির্বাচনী ইশতেহারে তার কোনো স্পষ্ট উল্লেখ নেই বলেও মন্তব্য করেন সিপিডির গবেষণা পরিচালক। তিনি বলেন, অর্থনীতি রক্ষায় নতুন ব্যাংকের অনুমোদন না দিয়ে বরং দুর্বল ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে। নতুন সরকারকে এ বিষয়ে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে সিপিডি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: