নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তার জবাব দিলো বিএনপি
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আমরাও আমাদের দলের পক্ষ থেকে তাকে (নরেন্দ্র মোদি) ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এক পোস্টে মোদি বলেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।
ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন, এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন মোদি।
তিনি আরও বলেন, আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়।
বিভি/টিটি



মন্তব্য করুন: