নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদীকে না পাঠিয়ে যাকে পাঠাচ্ছে ভারত
দুদিন বাদেই নতুন সংসদ মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন বলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে মোদি আসছেন না। শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা দেশটির সরকারের পক্ষে যোগ দেবেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রী সভার শপথ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। শপথ গ্রহণের পরপরই বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় মন্ত্রীসভার শপথ অনুষ্ঠিত হবে।
এর আগে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেয়া হয়নি। ভারতের কোনো মিডিয়া এটা বলে থাকলে তা সঠিক নয়। শুধু সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে। এতে আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য ও ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে বলে কূটনৈতিক মহল ধারণা করছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: