মনোনয়ন না পাওয়া সেই নেতা এখন ৩ মন্ত্রণালয়ের মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন। তবে পরে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়ে তার রাজনৈতিক জীবনে নতুন মোড় এসেছে। ত্যাগের প্রতিদান হিসেবে তাকে কৃষি; খাদ্য এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তারেক রহমান–এর নেতৃত্বাধীন নতুন সরকারের সদস্য হিসেবে শপথ নেন ইয়াছিন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েও পাননি ইয়াছিন। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মাঠপর্যায়ে প্রস্তুতিও শুরু করেন। পরে দলের চেয়ারম্যান দেশে ফিরে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে।
আমিনুর রশীদ ইয়াছিন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার সরকার গঠন করেছে বিএনপি। ৫০ সদস্যের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: