তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসাথে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে ঢাকা-কুয়ালালামপুর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
আনোয়ার ইব্রাহিম এক বার্তায় বলেছিলেন, ‘নির্বাচনে বিশাল জয়ের জন্য আমি তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) উষ্ণ অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের জয়। বাংলাদেশের মানুষ এক কঠিন সময় পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন প্রাণশক্তি সঞ্চারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে মালয়েশিয়া উন্মুখ হয়ে আছে। আমি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
বিভি/এজেড



মন্তব্য করুন: