চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম নুরজাহান বেগম রানি (৪০)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে নুরজাহান বেগমকে মৃত ঘোষণা করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, চট্টগ্রাম থেকে ৯ জন দগ্ধ রোগীকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা নুরজাহান বেগম রানিকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল।
দগ্ধ অন্যরা হলেন: শাখাওয়াত হোসেন (৪৬), তার ভাই মো. শিপন (৩১), মো. সামির আহমেদ সুমন (৪০), শাখাওয়াতের বড় ছেলে মো. শাওন (১৬), সামিরের বড় ছেলে মো. ফারহান আহমেদ আনাস (৬), শাখাওয়াতের ছোট মেয়ে মো. আইমান স্নিগ্ধা (৯), সামিরের ছোট মেয়ে আয়েশা আক্তার (৪) ও সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫)।
ডা. শাওন বিন রহমান জানান, শাখাওয়াত ও আশুরা আক্তারের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। শিপনের ৮০ শতাংশ, শাওনের ৫০ শতাংশ, সামিরের ৪৫ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ এবং আইমান স্নিগ্ধার ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। আনাসের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সবার অবস্থা আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ঘটনার পর চট্টগ্রাম থেকে রোগীদের ঢাকায় রেফার করার সম্ভাবনা জানানো হয়েছিল। সে অনুযায়ী আমরা আগেই প্রস্তুতি নিয়েছিলাম। রোগীদের ঢুকানো সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয়েছে। কয়েকজনকে ইতিমধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বাকিদের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনে আইসিইউতে স্থানান্তর করা হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: