৫ আগস্টের পরের যেসব মামলা বাতিলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ব্যবসায়ীসহ অনেকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। এগুলো যাচাই করে ভুয়া মামলা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী আরও বলেন, রাস্তা বন্ধ করে মব কালচারের মাধ্যমে দাবি আদায়ের দিন শেষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও সংস্থা প্রধানদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর ব্যবসায়ীসহ অনেক বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা হয়েছে, তা যাচাই করে ভুয়া মামলাগুলো প্রত্যাহার করা হবে।
জরুরি ভিত্তিতে ২৭০০ কনস্টেবল নিয়োগ হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজরুরি ভিত্তিতে ২৭০০ কনস্টেবল নিয়োগ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বড় বড় ব্যবসায়ী, অনেক সুনামধন্য ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিদেরও অনেক মামলায় আসামি করা হয়েছে। অনেক মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বলেছি, যথাযথ ব্যবস্থা নিতে। তারা যেন ভোগান্তিতে না পড়েন, সেটা দেখা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এই সরকারের প্রথম অগ্রাধিকার। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সরকার কোনো মবকে (উচ্ছৃঙ্খল জনতা) প্রশ্রয় দেবে না বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে কোনো মব কালচার থাকবে না। মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক ও সড়কে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে।’
মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স খতিয়ে দেখা হবে। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পেয়ে থাকলে তা বাতিল করার ঘোষণাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া বিডিআর হত্যা মামলার পুনঃতদন্ত করা হবে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে, লটারিটাও স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) ছিল বলে আমরা মনে করি না। এটা হয়েছে। কিন্তু সরকারি নিয়মে এভাবে হয় না। সুতরাং এগুলো যাচাই-বাছাই (স্ক্রুটিনি) করে বিভাগ যাকে যেখানে মনে করবে, তা করার জন্য আজ নির্দেশ দেওয়া হয়েছে।’
পদ খালি থাকায় ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে এবং ২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই (উপপরিদর্শক) চাকরি ফেরত পাবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিভি/টিটি



মন্তব্য করুন: