বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে মূলত ডিপ্লোম্যাটিক, বৈদেশিক ও অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গুলশানে আমেরিকা রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ এমপি এবং ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী।
বৈঠক শেষে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে অতীতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। নতুন সরকার আসার পর তারা স্বাভাবিকভাবেই বাংলাদেশে এসে দেখছে দেশে কি হচ্ছে, আমাদের নীতিমালা কী এবং ভবিষ্যতে আমাদের কর্মপন্থা কী হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করতে এসেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করেছে, কী আলোচনা হয়েছে, সেটা হয়তো সরকার আপনাদের জানাবে। আজকের আলোচনার বিষয় ছিল মূলত দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যতের নীতিমালা। এছাড়া বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রভাবও আলোচনার অংশ ছিল।
ড. মঈন খান আরও বলেন, বিরোধী দলের বিষয় সরাসরি আমাদের সঙ্গে আলোচনা হয়নি। সম্ভবত তারা বিরোধী দলের সঙ্গে আলাদা আলোচনা করেছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো- ডিপ্লোম্যাটিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক; এ তিনটি ইস্যুতে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির পাশে যুক্তরাষ্ট্র থাকবে কি থাকবে না, এটি আলোচনার বিষয় নয়। মূল বিষয় হলো- আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে সরকার গঠন করেছি। আজকের আলোচনার মূল লক্ষ্য হলো মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি ও আমাদের পারস্পরিক সম্পর্ক।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: