• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল, নিরাপত্তা ও সেবায় বাড়তি সতর্কতা

প্রকাশিত: ২১:০২, ১৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল, নিরাপত্তা ও সেবায় বাড়তি সতর্কতা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে ইতোমধ্যেই মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন ও সড়কপথে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে জ্বালানি সংকটের আশঙ্কা থাকায় অনেক যাত্রী আগেভাগেই যাত্রা শুরু করেছেন।

রাজধানীর গাবতলী-মহাখালী এবং সায়েদাবাদ বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট লক্ষ করা গেছে। নবীনগর-চন্দ্রা আবদুল্লাহপুর-বাইপাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্টে দীর্ঘ যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরের পর প্রতিটি বাসস্ট্যান্ডে অতিরিক্ত যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

যাত্রীদের বহন করতে বিপুলসংখ্যক বাসও অপেক্ষা করতে দেখা গেছে। তবে যাত্রীদের কাছ থেকে এখনও পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে দায়িত্ব পালন করছেন।

ঈদের এক সপ্তাহ আগে থেকে ট্রেনেও যাত্রীর উপস্থিতি বেড়েছে। সকাল থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন বয়সী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ পরিবারের সদস্যদের আগেভাগেই গ্রামের বাড়িতে পাঠাতে এসেছেন। একাধিক যাত্রী জানিয়েছেন, হাতে পর্যাপ্ত সময় থাকায় এবং ঈদের ঠিক আগের দিনের অতিরিক্ত ভিড় এড়াতে তারা আগেভাগে রওনা হয়েছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩০টি আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এসব ট্রেনে মোট ২৮,৯২৬টি আসন রয়েছে, যার মধ্যে পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬,১৯৪টি এবং পশ্চিমাঞ্চলের ৭টি ট্রেনে ১২,৭৩২টি আসন অনলাইনে বিক্রি করা হয়েছে।

ঢাকার সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ডে দুপুর থেকেই ঘরমুখো যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মহাখালী টার্মিনালে টাঙ্গাইলগামী যাত্রী রোকেয়া বেগম জানিয়েছেন, “ঈদে যানজট এড়াতে আগেভাগে রওনা হয়েছি।

এদিকে, বাসমালিকরা জানিয়েছেন, নিরাপদ যাত্রা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতিও ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ঈদে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিট মোতায়েন করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: