চট্টগ্রাম
জ্বালানি সংকট নেই, তবুও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
সরকারের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে দেশে কোনো জ্বালানি সংকট নেই। তবুও, বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আতঙ্কে অতিরিক্ত জ্বালানি গ্রহণের প্রবণতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের চালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
পেট্রোল পাম্পের কর্মকর্তারা জানান, অনেক চালক প্রয়োজনের তুলনায় বেশি তেল নিতে চান। কেউ কেউ একাধিক ফিলিং স্টেশন থেকে বারবার জ্বালানি সংগ্রহ করছেন, যার ফলে দ্রুত মজুত শেষ হয়ে যাচ্ছে। প্রকৃত অর্থে বড় কোনো ঘাটতি না থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
চট্টগ্রাম বন্দরে মার্চের প্রথম সপ্তাহ থেকে এখন পর্যন্ত এলপিজি, এলএনজি, ক্রুড অয়েলসহ বিভিন্ন জ্বালানি নিয়ে অন্তত ৩৩টি জাহাজ এসেছে। সর্বশেষ মঙ্গলবার মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি ফুয়েল ট্যাংকার বন্দরের বর্হিনোঙ্গরে নোঙ্গর করেছে।
আশা করা হচ্ছে আগামী ৪ এপ্রিলের মধ্যে আরও ছয়টি জাহাজ বন্দরে ভিড়বে। এর মধ্যে তিনটি জাহাজে এলএনজি, দুটিতে গ্যাস অয়েল এবং একটিতে এলপিজি থাকবে। এই সরবরাহের মাধ্যমে নগরীর ফিলিং স্টেশনগুলিতে জ্বালানী পর্যাপ্ত হবে এবং গ্রাহকদের দীর্ঘ লাইন কমে যাবে।
বিভি/এআই



মন্তব্য করুন: