এলপিজির নতুন দাম ঘোষণার দিন নির্ধারণ
এপ্রিল মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর নতুন মূল্য বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষণা করা হবে। বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর ঘোষিত এপ্রিল ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইজ) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ সংক্রান্ত নতুন দাম বৃহস্পতিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে এদিন অটোগ্যাসের নতুন দামও নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কমিশন।
এর আগে গত ২ মার্চ সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। একই দিনে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়, যেখানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে মূসকসহ ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূলত দাম নির্ধারিত হয় সৌদি আরামকোর সিপি অনুযায়ী, যা প্রতি মাসে পরিবর্তিত হয়। সেই অনুযায়ী দেশেও এলপিজির মূল্য সমন্বয় করে বিইআরসি। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব সরাসরি ভোক্তা পর্যায়ে পড়ে, ফলে গৃহস্থালি ও পরিবহন খাতে ব্যয় বেড়ে যায়।
এদিকে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে এলপিজির দামে ওঠানামা হতে পারে, যার প্রভাব পড়তে পারে দেশের বাজারেও।
বর্তমানে দেশে এলপিজির ব্যবহার ক্রমেই বাড়ছে, বিশেষ করে পাইপলাইনের গ্যাস সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে। ফলে এলপিজির দামের পরিবর্তন সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে প্রভাব ফেলে। নতুন ঘোষিত মূল্য ভোক্তাদের জন্য স্বস্তি নাকি বাড়তি চাপ নিয়ে আসে—সেদিকেই এখন সবার নজর।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: