কৃষক-ফ্যামেলি কার্ডে অর্থনীতি শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
কৃষক কার্ড ও ফ্যামেলি কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) বিকালে জাতীয় সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবে কৃষক-ফ্যামেলি কার্ডের বাজেট কত, এটি আমরা এখনই আপনাদের বলছি না। অর্থাৎ আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা পরিকল্পনাগুলোকে এগিয়ে নিয়ে যাব। আমাদের একেকটি কৃষক কার্ড, ফ্যামেলি কার্ডে রেখেছি, একেকটি কৃষক কার্ডে আমরা ২৫০০ টাকা করে পাবেন বছরে, ফ্যামেলি কার্ড যারা পাবেন, সে সকল নারী প্রতিমাসে ২৫০০ টাকা করে পাবেন। আমরা যেহেতু প্রতি মাসে এটি এক্সটেন করতে থাকব, অর্থাৎ অধিক সংখ্যক নারী ফ্যামেলি কার্ড পাবেন, অধিক সংখ্যক কৃষক কৃষক কার্ড পাবেন। একবারে সবাইকে দিচ্ছি না। পৃথিবীর কোনো দেশের পক্ষে একবারে সম্ভব না করা। সেজন্য প্রতিবছরই আমরা বাজেটের সাংসন বাড়াব, প্রতিবছরই আমরা বাজেটে টাকা বাড়াব। এভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে এগোব। এবং অবশ্যই বাজেটের প্রাধান্য পাবে।
মূল্যস্ফীতি হবে কি না-এমন বিষয়ে তারেক রহমান বলেন, আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজেই মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি, এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, নিশ্চয় তারা সিঙ্গাপুর কিংবা বিদেশে পাচার করবেন না। এই টাকা লোকাল অর্থনীতিতেই তারা খরচ করবেন। এবং একজন নারী সেটি দিয়ে স্বাভাবিকভাবেই তার সন্তানের পড়ার পিছনে খরচ করবেন। অথবা সেটি দিয়ে তার সন্তান বা পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন। অথবা লোকালি ছোট একটা ব্যবসা গড়ে তুলবেন। ফলে যেটা হচ্ছে, সরকারের কাছ থেকে যে টাকাটা যাচ্ছে, সেটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে। লোকাল ইকোনমিকে রোটেট করছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: