শিক্ষাখাত উন্নয়নে ৫টি উদ্যোগের রূপরেখা সংসদে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদেরপ্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে শিক্ষা ও শিক্ষাখাতের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগের রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, সরকার শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধি ও শিক্ষার্থীদের জন্য ন্যায্য সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা। এতে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর সন্তানরা কোনো বাধা ছাড়াই বিদ্যালয়ে অংশ নিতে পারবে।
তিনি আরও জানান, আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। এ ছাড়া ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদান করা হবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের ভাষা দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান উন্নয়নে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী বলেন, '৪১৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে জুন ২০২৬-এর মধ্যে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার সুযোগ নিশ্চিত করবে।' তিনি আশা প্রকাশ করেন যে, এসব পদক্ষেপ শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি করবে এবং প্রযুক্তির মাধ্যমে শিক্ষার নতুন মাত্রা যোগ করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, 'শিশুদের জন্য ন্যায্য ও সহজলভ্য শিক্ষা নিশ্চিত করতে সরকার সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। শিক্ষার মান উন্নয়নে আমরা একাধিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছি।'
এ ছাড়া, সরকার আগামী অর্থবছর এবং আগামী পাঁচ বছরের জন্য শিক্ষাক্ষেত্রে আরও নানা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করেছে। শিক্ষার্থীদের সুষ্ঠু ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি নীতি ও উদ্যোগ অব্যাহত থাকবে।
বিভি/টিটি



মন্তব্য করুন: