• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

বাসস এমডি মাহবুব মোর্শেদের চুক্তি বাতিল, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ২৩:২০, ১ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বাসস এমডি মাহবুব মোর্শেদের চুক্তি বাতিল, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের পদত্যাগের পর এবার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। তার আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ১৭ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী মাহবুব মোর্শেদকে বাসসের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। বর্তমানে তার ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে ওই নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বাসসের এমডি হিসেবে মাহবুব মোর্শেদের অপসারণ দাবিতে সংস্থাটির কার্যালয়ে বিক্ষোভ চলছিল। সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত বাসস কার্যালয়ে তাঁর বিরুদ্ধে একদল ব্যক্তির বিক্ষোভের মুখে তিনি অফিস ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন।

তবে এই পুরো প্রক্রিয়া নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মাহবুব মোর্শেদ। তার অভিযোগ, পরিকল্পিতভাবে ‘মব’ বা গণবিক্ষোভ তৈরি করে তাকে পদত্যাগে বাধ্য করার পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত আগস্ট মাসে সাংবাদিক ও লেখক মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য রাষ্ট্রায়ত্ত এই সংবাদ সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। সেই মেয়াদের অর্ধেকের বেশি সময় বাকি থাকতেই তাঁর বিদায় নিশ্চিত হলো।

বিভি/টিটি

মন্তব্য করুন: